নদীতে ড্রেজিংয়ের পর পলি তীরে ফেলতে সবার সহযোগিতা চায় বিআইডব্লিউটিএ

সাংবাদিকদের সঙ্গে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের মতবিনিময়শুষ্ক মৌসুমে বরিশালের নদীপথে নাব্যতা বজায় রাখতে ড্রেজিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন, ড্রেজিংয়ের পয়েন্টগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত এবং ড্রেজিং করা পলি নদীতে না ফেলে তীরের কোথাও ফেলতে সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নদী বন্দর ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান ভূঁইয়া এই সহযোগিতা চান।

এই কর্মকর্তা বলেন, ‘প্রতি বছর ড্রেজিংয়ের সময় ড্রেজিংকৃত পলিমাটি পুনরায় নদীতে ফেলা হয়। যা নিয়ে বিভিন্ন সময় সমালোচনার সম্মুখিন হতে হয়। এই অবস্থায় এবার ড্রেজিংকৃত পলি নদী থেকে অন্য কোথাও ফেলার জন্য স্থান চিহ্নিতকরণে সবার সহযোগিতা প্রয়োজন।’ ঢাকা-বরিশাল নৌরুটের নাব্যতা ফিরিয়ে আনতেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।