ব্রিজ সংস্কারের কারণে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে

হিলি স্থলবন্দর (ফাইল ফটো)ভারতে ফারাক্কা ব্রিজ সংস্কারের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি অর্ধেকে নেমে এসেছে। আগে বন্দর দিয়ে পেঁয়াজ, পাথরসহ বিভিন্ন পণ্যবাহী দুইশ থেকে আড়াইশ ট্রাক বন্দরে ঢুকতো। বর্তমানে ব্রিজ সংস্কারের কারণে তা ১ শ ট্রাকে দাঁড়িয়েছে। গত ৪ ডিসেম্বর থেকে ভারতে ফারাক্কা ব্রিজ সংস্কার কাজ শুরু হওয়ায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য অর্ধেকে নেমে এসেছে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, ভারতের ভেতর ব্রিজ সংস্কার কাজ চলার কারণে ভারতীয় রফতানিকারকরা খুব বেশি পণ্য রফতানি করতে পারছেন না। ব্রিজের সংস্কার কাজ শেষ হলে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে আগে পেঁয়াজ, পাথর, খৈলসহ বিভিন্ন পণ্যবাহী দুশ থেকে আড়াইশ ট্রাক প্রবেশ করতো। বর্তমানে গত দুদিন থেকে বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশের সংখ্যা ১শ থেকে ১শ ২০ ট্রাকে দাঁড়িয়েছে। এতে সরকারের রাজস্ব আহরণ যেমন কমেছে তেমনি বন্দর কর্তৃপক্ষও ক্ষতিগ্রস্ত হচ্ছে।