প্রধানমন্ত্রীর নির্দেশে অবশেষে শুরু হচ্ছে ফেনীর সেই স্কুল ভবনের কাজ

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হতে যাচ্ছেপ্রধানমন্ত্রীর নির্দেশে অবশেষে ফেনীর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হতে যাচ্ছে। ভূমি জটিলতা নিরসন করে শিগগিরই কাজ শুরু হবে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ফেনী জেলা প্রশাসক, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বিদ্যালয় এলাকা পরিদর্শন করে নতুন ভবন  নির্মাণের প্রয়োজনীয় স্থান সংকুলানের উদ্যোগ নেন।

সূত্র জানায়, গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবাইলে একটি খুদেবার্তা (এসএমএস) পাঠান সৌদি আরব প্রবাসী রতনপুর গ্রামের আনোয়ার হোসেন। খুদেবার্তাটি পাওয়ার পর প্রধানমন্ত্রী ওইদিনই স্কুলটির জন্য চারতলা ফাউন্ডেশেনের দুই তলা ভবন নির্মাণের কাজ শুরু করতে ৭০ লাখ টাকা বরাদ্দ দিতে তার একান্ত সচিব (পিএস)-১ তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন। সেই অনুযায়ী ২৪ মিটার দৈর্ঘ্য ও ১৩ মিটার প্রস্থের বিদ্যালয় ভবন  নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে প্রকল্পের কার্যাদেশ প্রদান করা হয়। এ আদেশের পর জায়গা নির্ধারণে জটিলতা দেখা দেয়। ফলে ভবন নির্মাণের কাজ শুরু করা যায়নি।

জরাজীর্ণ বিদ্যালয়টির স্থানে নতুন ভবন নির্মাণ করতে গিয়ে দেখা যায়, এক পাশে সড়ক বিভাগের পাকা সড়ক ও অপর পাশে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের জায়গা হওয়ায় ভবন নির্মাণে এ জটিলতা তৈরি হয়।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির জন্য ইতোমধ্যে পাঁচটি শ্রেণিকক্ষ বিশিষ্ট একটি বহুতল ভবনের বরাদ্দ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।  স্থান সংকুলান না হওয়ায় দরপত্র আহ্বানের পরও বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু করা যায়নি। এ নিয়ে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক উভয় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক হয়। আশা করি  কয়েকদিনের মধ্যে জায়গার সংকট নিরসন হয়ে যাবে। একইসঙ্গে নতুন ভবনের কাজ শুরু হয়ে যাবে।’