পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে (৬৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে তার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মুস্তাফিজুর রহমান সেলিমের ছোট ভাই রুবেল হোসেন জানান, রাত ৯টার দিকে রূপপুর বিবিসি বাজার থেকে হেঁটে তিনি (মুস্তাফিজ) বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে এসে পৌঁছালে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় রাত ১০টার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামিম জানান, তিনি বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়েছিলেন। একটি গুলি বের করার পর তাকে দ্রুত রাজশাহীতে স্থানান্তর করা হয়। কিন্তু পথেই তিনি মারা যান।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা, কী কারণে মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করেছে তা এখনও জানা যায়নি। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে আসা পর্যন্ত তার জ্ঞান ছিল। কিন্তু রাতের আঁধারে ঘটনা ঘটায় তিনি কাউকে চিনতে পারেননি বলে জানিয়েছিলেন। ঘটনার তদন্তে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।