আমার নাম ভাঙিয়ে কেউ প্রতারণা করলে জানাবেন: মাশরাফি

নড়াইলে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মাশরাফি বিন মর্তুজানড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, ‘সমাজে ভালো কাজ করতে গেলে কখনও কখনও বাধা আসতে পারে। অশুভ শক্তির বাধাকে আমাদের অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনও ধরনের প্রতারণা করে সে বিষয়ে আমাকে অবহিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইলো।’

আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) নড়াইলে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মাশরাফি। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সহ-সভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মাশরাফি বিন মর্তুজা এমপি বলেন, ‘অবহেলিত নড়াইলের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন সড়কের মেরামত ও উন্নয়ন, নদী ভাঙন রোধ, ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে ক্রীড়ামুখী করা, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনা, শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ সার্বিক উন্নয়নের জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাবো। এসব উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের জন্য আমি প্রশাসন, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই।’

বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘জনকল্যাণে আপনাদের স্ব-স্ব দফতরের যে কোনও সুবিধা-অসুবিধার ব্যাপারে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। এলাকার উন্নয়নে আমি কাজ করতে চান। কেউ যাতে বঞ্চিত ও অবমূল্যায়িত না হন সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। প্রত্যন্ত অঞ্চলের গরীব-দুখী মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে তাদের পাশে থাকতে চাই।’

মাশরাফি আরও বলেন, ‘নড়াইলকে সুন্দর, শক্তিশালী ও সম্মৃদ্ধশালী দেখার স্বপ্ন আমার বরাবরই। এ স্বপ্ন পূরণ করাটাই আমার মূল লক্ষ্য। বর্তমান সরকারের আমলে সারা দেশে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় নড়াইলেরও সার্বিক উন্নয়ন হবে আশা করি।’