হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২ টাকা

হিলি স্থলবন্দর

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২ টাকা। একদিন আগে পাইকারিতে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ ১০ থেকে ১১ টাকায় বিক্রি হয়েছে, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকায়।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি খানিকটা কমেছে। বন্দর দিয়ে আগে ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে প্রতিদিন ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

এ সূত্র আরও জানায়, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। ইন্দোর জাতের পেঁয়াজ একদিন আগে ১০ টাকা ও নাসিক জাতের পেঁয়াজ ১১টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা ১২ টাকা থেকে ১৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ আগের দাম ১০ টাকা কেজিতে বিক্রি হলেও দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে। দুই দিন আগে দেশি পেঁয়াজ ১৫ টাকা থেকে ১৮ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা ২০ টাকা থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গত দুই-তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কৃষকেরা ক্ষেত থেকে পেঁয়াজ উঠাতে পারেনি। এ ছাড়া, দেশের অনেক স্থানে শিলা বৃষ্টি হওয়ায় পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়েছে। এতে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ খানিকটা কমেছে এবং দাম খানিকটা বেড়েছে। তবে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হলে দাম কমবে বলেও জানান তারা।