রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনের গ্রামের বাড়িতে মাতম চলছে। শুক্রবার (৮ মার্চ) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের জাফর আলী মালকান্দি গ্রামে গেলে নৌকাডুবিতে নিখোঁজদের স্বজনদের বিলাপ করতে দেখা যায়।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ হন। এর মধ্যে তিন শিশু রয়েছে। আজ শুক্রবার বিকাল পর্যন্ত নিখোঁজদের কাউকে উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মালকান্দি গ্রামের কামাল চোকদারের মেয়ে খাদিজা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল আজ (শুক্রবার)। ওই অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা থেকে সাত মাস বয়সী শিশুপুত্র জোনায়েদকে সঙ্গে নিয়ে খাদিজার বোন জামসেদা বেগম, ভগ্নিপতি দেলোয়ার হোসেন, চাচাতো ভাই শাহজালাল চোকদার, চাচাতো ভাইয়ের স্ত্রী শাহিদা বেগম এবং তাদের দুই সন্তান মিম ও মাহি শরীয়তপুরের উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সদরঘাটে এসে নৌকাযোগে শরীয়তপুরগামী লঞ্চে ওঠার সময় সুরভী-৭ নামে একটি লঞ্চের ধাক্কায় তাদের বহনকারী নৌকাটি বুড়িগঙ্গা নদীতে তলিয়ে যায়। আহত অবস্থায় শাহজালাল চোকদারকে উদ্ধার করা হলেও বাকি ৬ জন এখনও নিখোঁজ। লঞ্চের ধাক্কায় শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে খাদিজার বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয় বলেও জানান তারা।
এদিন দুপুরে বাড়ির উঠানে বসে বিলাপ করতে দেখা যায় জামসেদার বাবা কামাল চোকদারকে। এসময় তাকে বলতে শোনা যায়, ‘আমার মারে আর নানু ভাইরে আইন্না দে। অগো কইছিলাম রাইতের লঞ্চে আহিস না। একদিন আগে দিনে আয়। আমার সব শেষ হইয়া গেলো।’
শাহজালাল চোকদারের বাবা মহসিন চোকদার বলেন, ‘আমরা গরিব মানুষ। অভাবের সংসার হওয়ায় শিশু বয়সেই ছেলেকে ঢাকা পাঠাই। সেখানে দর্জির কাজ শিখেছিল। ভালোই আয়-রোজগার করতো। তার পাঠানো টাকায় আমরা চলতাম। বৌ আর নাতনি দুইটার খোঁজ পাচ্ছি না। ছেলেটার দুইটা পা বিচ্ছিন্ন হইয়া গেছে। আল্লাহ কেন এত বড় বিপদ দিলা আমারে।’
এদিকে, সদরঘাট নৌ-থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘রাত থেকে উদ্ধার অভিযান চলছে। তবে এখনপর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর সহকারী পরিচালক মোস্তফা মহিউদ্দিন বলেন, ‘নৌকাটিতে মাঝি ছাড়া একই পরিবারের ৭ জন যাত্রী ছিলেন। সাত জনের মধ্যে শাহজালাল নামে একজনকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুবরিদের সহায়তায় বাকিদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।’