কুমিল্লা সদর উপজেলা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ওয়াদুদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার খেতাসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়াদুদ সদর দক্ষিণের কনেশতলা গ্রামের মৃত মোছলেম মিয়ার ছেলে।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মোটরসাইকেলে পলিথিনে মুড়িয়ে পাঁচ প্যাকেট ইয়াবা নিয়ে যাচ্ছিল ওয়াদুদ। চেকপোস্টে পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। এসময় মোটরসাইকেলের অন্য আরোহী দৌড়ে পালিয়ে যায়। বিকালে গ্রেফতারকৃত ওয়াদুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে দু’টি মামলা রয়েছে।