আহরণ নিষিদ্ধ ১৫ লাখ বাগদা রেণু জব্দ

পটুয়াখালীপটুয়াখালীর কলাপারা উপজেলার আলীপুর মৎস্য বন্দরে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহরণ নিষিদ্ধ ১৫ লাখ বাগদা রেণু জব্দ করেছে কোস্টগার্ড। এই রেণুর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। বুধবার রাত ৯টার দিকে জব্দকৃত রেণু পোনা নিজামপুর স্টেশন সংলগ্ন সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেননি কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড নিজামপুর স্টেশনের সিনিয়র চিফ পেটি অফিসার মো. এনামুল হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় আলীপুর মৎস্য বন্দরে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। অভিযানে মৎস্য ব্যবসায়ী আবুল কোম্পানির ভাই মো. শহীদের ঘর (ব্যবসায়ীক প্রতিষ্ঠান) থেকে ১৫ লাখ রেণু পোনা জব্দ করা হয়। বিপুল পরিমাণ ওই পোনা ৮টি বড় ড্রাম, ১৬টি ছোট ড্রাম এবং তিন শতাধিক মাটির হাড়ি ভর্তি আহরণ নিষিদ্ধ বাগদা রেণু পোনা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত রেণু পোনা সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। রেণু পোনা সংরক্ষণ করে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।’