চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে লোকমান হোসেন জনি (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত লোকমান শ্রীমঙ্গল জেলার নোয়াগাঁও এলাকার শামসুল হকের ছেলে।  সে নগরীর বাদশা মিয়া রোডের পশুশালা এলাকায় থাকতেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, রাত ১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় লোকমানকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোকমানকে হাসপাতালে নিয়ে আসেন ওই এলাকার বাসিন্দা শামীম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বাকলিয়া এলাকার এক কিশোরের সঙ্গে গোলপাহাড় এলাকার দুই কিশোরের বিরোধ হয়। ওই বিরোধ মিমাংসা করতে লোকমান সেখানে গিয়েছিলেন। সেখানে প্রতিপক্ষের গুলিতে লোকমান নিহত হন।      

এ বিষয়ে জানতে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরীর মোবাইল ফোনে একাধিক বার কল করলে তিনি মোবাইল রিসিভ করেননি।