মাওয়া প্রান্তে পদ্মা সেতুর দশম স্প্যান বসানোর কাজ চলছে

পদ্মা সেতুর দশম স্প্যান বসানোর কাজ চলছেমাওয়া প্রান্তের ১৩ ও ১৪ নম্বর পিলারে দশম স্প্যান '৩-এ' বসানোর কাজ চলছে। এটি মাওয়া প্রান্তে স্থায়ীভাবে বসানো প্রথম স্প্যান। যদিও মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে একটি স্প্যান বসানো আছে। পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর স্প্যান বসানোর খবর নিশ্চিত করে জানান, ‘দুপুরের মধ্যে স্প্যান বসানো শেষ হয়ে যাবে বলে আশা করি।’

এর আগে সকাল ৮টার দিকে মাওয়ার কুমারভোগের কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান রওনা দেয়।

প্রকৌশলী সূত্রে জানা যায়, এ পর্যন্ত পদ্মা সেতুর ৮টি স্প্যান স্থায়ীভাবে বসানো হয়েছে এবং এর সবগুলো জাজিরাপ্রান্তে। সে হিসেবে জাজিরাপ্রান্তে পদ্মা সেতুর ১২০০ মিটার দৃশ্যমান হয়েছে। অন্যদিকে, মাওয়া প্রান্তে একটি অস্থায়ী স্প্যান (স্প্যান ১-এফ) রাখা আছে ৪ ও ৫ নম্বর পিলারে। এটি মূলত বসানো হবে ৬ ও ৭ নম্বর পিলারে। কন্সট্রাকশন ইয়ার্ডে জায়গা না থাকায় স্প্যানটি ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে রাখা হয়।

পদ্মা সেতুতে মোট ৪২টি পিলারে সর্বমোট ৪১টি স্প্যান বসবে। প্রতিটি স্প্যান ১৫০ মিটার দৈর্ঘ্যের। মাওয়া ও জাজিরা প্রান্তের স্থায়ী ও অস্থায়ী স্প্যান উভয় মিলে সেতুর মোট দৃশ্যমান ১৩৫০ মিটার। আর বুধবার ৩-এ স্প্যান বসানোর পর দৃশ্যমান হবে সেতুর মোট ১৫০০ মিটার বা দেড় কিলোমিটার। তবে, তিনটি ভিন্ন মডিউলে বসানোর কারণে আপাতত স্প্যানগুলো বিচ্ছিন্নভাবে দৃশ্যমান থাকবে।