হবিগঞ্জের লাখাইয়ে হাওর থেকে নিখোঁজের দুই মাস পর কলেজছাত্র উজ্জ্বল মিয়ার (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণী ও তার বাবাকে আটক করা হয়েছে। পুলিশ বলেছে, ওই তরুণীর সঙ্গে উজ্জ্বলের প্রেম ছিল।
পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের শাহ আলমের ছেলে স্থানীয় ডিগ্রি কলেজের ছাত্র উজ্জ্বল মিয়া নিখোঁজ হন। তখন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সোমবার সকালে ঘটনার বিভিন্ন সূত্র ধরে উজ্জ্বলের প্রেমিকা ধর্মঘর গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে ফারজানাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফারজানা জানায়, সে ও তার বাবা উজ্জ্বল মিয়াকে হত্যা করে মেদিবিল হাওরে ফেলে দিয়েছে। পুলিশ তাদের দেওয়া তথ্যমতে সেখান থেকে উজ্জ্বলের লাশ উদ্ধার করে।
ফারজানা পুলিশকে জানিয়েছে, উজ্জ্বল একাধিক মেয়ের সঙ্গে প্রেম করছিল। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ফারজানার দেওয়া তথ্যমতে হাওর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফারজানার বাবা মঞ্জু মিয়াকেও আটক করা হয়েছে।’
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।