বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ নারী শিক্ষকের

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর লোকপ্রশাসন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক জুবাইয়ের ইবনে তাহেরের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ করেছেন একই বিভাগের শিক্ষক সামান্থা তামরিন। এই বিষয়ে উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর কাছে লিখিতভাবে অভিযোগপত্র দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল লোকপ্রশাসন বিভাগের ৩৭তম অ্যাকাডেমিক সভা চলাকালে বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের একই বিভাগের নারী শিক্ষক সামান্থা তামরিনকে আপত্তির ও অশোভন কথা বলেন। এ কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন অভিযোগকারী।

এই বিষয়ে লোকপ্রশাসন বিভাগের প্রধান জুবাইয়ের ইবনে তাহের জানান, ওই নারী শিক্ষককে তিনি কোনও অশালীন কথা বলেননি। অভিযোগকারীর ব্যাপারে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘তার বিরুদ্ধে বিভাগে অসন্তোষ তৈরির অভিযোগ এনে চিঠি দেওয়া হয়েছে। সে কারণে মিথ্যা অভিযোগ করছেন ওই নারী শিক্ষক।’