বগুড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

বগুড়াবগুড়া শহরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। তারা মামাতো-ফুফাতো ভাই। রবিবার (২ জুন) দুপুরে শহরের সূত্রাপুর বেলতলা এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। দুই শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিশুরা হলো–বগুড়া শহরের সূত্রাপুর বেলতলার জাহিদ হোসেনের ছেলে রায়হান আলী (৪) এবং তার ফুফাতো ভাই কাহালুর পানাই গ্রামের সানু হোসেনের ছেলে শান্ত (১০)।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ ও এসআই জিলালুর রহমান জানান, ফুফাতো ভাই শান্ত কয়েকদিন আগে শহরের সূত্রাপুর বেলতলায় তার মামা জাহিদের বাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরে দুই ভাই বাড়ির কাছে প্রবাসী আমিনুর রহমানের পরিত্যক্ত বাড়িতে আম কুড়াতে যায়। সেখানে তারা পরিত্যক্ত দুটি কৌটা (ককটেল) পেয়ে খেলার জন্য বাড়িতে নিয়ে আসে। ঘরে কৌটা দুটি রেখে খেলার সময় হঠাৎ একটি বিস্ফোরিত হয়। এতে দুই শিশুর হাতে ও পায়ে আঘাত লাগে। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, দুর্বৃত্তরা পরিত্যক্ত ওই বাড়িতে ককটেল দুটি রেখেছিল।

বগুড়া মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ মণ্ডল জানান, ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত দুই শিশু চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।