নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২) ও তার চাচাতো বোন (১৭)-কে অপহরণ করে ২০ দিন আটকে রাখা এবং ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হলো-আল-আমিন (২২) ও রিয়াদ (২৫)। আল-আমিন ওমরপুরের আইয়ুবনগর এলাকার বাদলের ছেলে ও রিয়াদ ভোলার চরফ্যাশনের কুলসুমবাগ এলাকার আজিজ হোসেনের ছেলে।
শনিবার (২২ জুন) সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া। তিনি জানান, সকালে এই ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, শুক্রবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ফতুল্লার গিরিধারা এলাকার এক বাসা থেকে ভুক্তভোগী দুই বোনকে উদ্ধার করে।
মামলা সূত্রে জানা যায়, ২ জুন বিকাল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের একটি এলাকা থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রী ও তার চাচাতো বোনকে অপহরণ করে নিয়ে যায় দুই বন্ধু আল-আমিন ও রিয়াদ। ফতুল্লার গিরিধারা এলাকার জনৈক সেলিনা আক্তারের বাসায় নিয়ে ২০ দিন আটক করে রাখা হয় তাদের। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে।
অপহৃতদের স্বজনরা তাদের খুঁজে না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। ঐ জিডির সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান গিরিধারা এলাকা থেকে দুই চাচাতো বোনকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত আল-আমিন ও রিয়াদকে গ্রেফতার করা হয়।