নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুলিশের তাড়া খেয়ে আজিজুল ইসলাম (২৪) নামের এক রাজমিস্ত্রি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশের দাবি, তাড়া খেয়ে নয় বরং পুলিশকে দেখে পালাতে গিয়েই এই ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মিঠু এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আজিজুল ইসলাম (২৪) বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখৈড় দক্ষিণ পাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মিঠু জানান, শনিবার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে যাওয়ার সময় আজিজুল ইসলামকে বাগাতিপাড়া থানার এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাড়া দেয়। এ সময় পুলিশের হাত থেকে বাঁচার জন্য আজিজুল দৌড় দিয়ে বড়াল নদীর পানিতে ঝাঁপ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা বিকাল ৪টার কিছু পরে আজিজুলের মরদেহ উদ্ধার করে।
বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, চন্দ্রখৈড় এলাকায় বড়াল নদীর কচুরিপানার মধ্যে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
তবে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, পুলিশের তাড়া খেয়ে নয় বরং পুলিশকে দেখে পালাতে গিয়ে আজিজুল নদীর পানিতে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়।