মাদারীপুরে সড়কের দু’পাশের শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ

সড়কের জায়গায় বসানো দোকানপাট ও স্থাপনা উচ্ছেদমাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে সড়কের দুই পাশ থেকে শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা-বরিশাল মহাসড়ক ও মাদারীপুর-শরীয়তপুর সড়কের মস্তফাপুরে সড়কের দুই পাশে অবৈধভাগে গড়ে উঠেছে অনেক স্থাপনা। এতে জনসাধারণের চলাচলসহ যানবাহন পার্কিংয়ে সমস্যার সৃষ্টি হয়। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা সভায় উঠলে স্থাপনাগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরই অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, মহাসড়কটি শিগগির চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে। এছাড়া সড়কের পাশে অবৈধভাবে দোকানপাট থাকায় জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সড়কের পাশে কোথাও মাছের আড়ত, পাটের ব্যবসা, ফলের আড়তসহ বিভিন্ন ধরনের ব্যবসার কারণে সড়কের ওপরে অনেক অংশ দখল হয়ে যায়। আগামীতে এই সড়কের অন্য অংশেও এমন স্থাপনা উচ্ছেদ করা হবে।