চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা বিপুল পরিমাণ মদ, বিয়ার জব্দ

চট্টগ্রাম বন্দর (ছবি- সংগৃহীত)ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা দিয়ে আনা মদ, বিয়ার, ব্রাউন সুগার, নুডলসের একটি বিশাল চালান জব্দ করেছে চট্টগ্রাম বন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান চীন থেকে এই চালানটি নিয়ে আসে। বন্দরের তিন নম্বর জেটিতে পণ্য খালাসের সময় মঙ্গলবার (২৩ জুলাই) চালানটি আটক করেন কাস্টমসের আনস্টাফিং শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। কাস্টম হাউসের যুগ্ম কমিশনার গোলাম কিবরিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট বিপাশা এন্টারপ্রাইজ চালানটি খালাসের দায়িত্বে ছিল।

কাস্টমস হাউস সূত্র জানিয়েছে, চীনের সাংহাই থেকে বিপুল পরিমাণ ক্যাপিটাল মেশিনারি নিয়ে এমভি কিউজি শান নামে একটি মাদার ভ্যাসেল গত ৯ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। জটের কারণে জাহাজটিকে কয়েকদিন বহির্নোঙরে অপেক্ষা করতে হয়। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ১৮ জুলাই ৪২৬ ফুট লম্বা এবং ৮ দশমিক ২ মিটার ড্রাফটের জাহাজটি বন্দরের তিন নম্বর বার্থে বার্থিং নেয়। মঙ্গলবার ওই জেটিতে পণ্য খালাস শুরু হয়।

গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চীন থেকে পায়রা অঞ্চলের বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে বিপুল পরিমাণ ক্যাপিটাল মেশিনারি আনা হয়। মঙ্গলবার বিকালে বন্দরের তিন নম্বর জেটিতে চালানটি পায়রা বন্দরের দিকে নিয়ে যেতে লাইটারেজ জাহাজ এবং বার্জে কার্টনগুলো বোঝাই করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকালে সেখানে কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। এ সময় মাদার ভ্যাসেল থেকে ১৭টি বড় কার্টন বার্জে নামানো হয়েছিল। কাস্টমস দল অভিযান চালিয়ে সবগুলো কার্টন খোলে। শুধুমাত্র একটি কার্টনে কিছু মেশিনারিজ পাওয়া যায়। বাকি ১৬ কার্টনে শত শত মদের বোতল এবং বিয়ারের ক্যান পাওয়া যায়। একই সঙ্গে নুডলস, চিপস, আচারসহ বিভিন্ন ধরনের চাইনিজ খাবারও পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘কাস্টমস কর্তৃপক্ষ মদ-বিয়ার বোঝাই বার্জটি জব্দ করেছে। সেই সঙ্গে চীন থেকে আসা কিউজি শান নামে মাদার ভ্যাসেলটিও জব্দ করা হয়েছে। এই জাহাজবোঝাই পণ্য খালাসে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুনরায় জাহাজটিতে অভিযান চালিয়ে পণ্যগুলোর কায়িক পরীক্ষা করার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রয়েল শিপিং লাইনস নামে একটি কোম্পানি জাহাজটির লোকাল এজেন্ট।