যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আইজি প্রিজনকারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বিগ্রেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা বলেছেন, দেশের কারাগারগুলোকে বন্দিশালা নয়, সংশোধনালয় বানাতে কাজ চলছে। বন্দিদের খাবারসহ নানা বিষয়ে খরচ বাড়ানো হয়েছে। একইসঙ্গে বন্দিদের বালিশ দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারে প্রথম এর বাস্তবায়ন শুরু হবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে উন্মুক্ত মঞ্চে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি কারাগার পরিদর্শন করেন। তিনি ব্রিটিশদের তৈরি প্রাচীন এ কারাগারটি অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণের আশ্বাস দেন। পরে তিনি কেন্দ্রীয় কারাগারে পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন এবং মহিলা কারারক্ষীদের নতুন আবাসিক ভবনের উদ্বোধন করেন।
এ সময় ডিআইজি প্রিজন ছগির মিয়া, জেলার আবু তালেবসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।