পাবনার সাঁথিয়া উপজেলায় আবদুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মিয়াপুর ইউনিয়নের মিনারপাড়া এলাকার মানিকের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিজ ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন আবদুল আজিজ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুরে স্থানীয়রা লাশ ভাসতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাঁথিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করলে স্থানীয়রা মরদেহটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, পুকুর থেকে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে গেছে।









