এরিস্ট্রোক্রেট হোটেল সংলগ্ন ইছামতি নদীতে ভঙ্গুর ও পুরাতন সম্প্রসারিত সেতুটির পূর্ব দিকে ইটের সারি বিছানোর কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এ মেরামত কাজের জন্য থেমে থেমে যানবাহনের দীর্ঘ লাইন দেখা দেয়। শুধু ঢাকা ও উত্তরাঞ্চলগামী যানবাহন নয়, জেলার অভ্যন্তরীণ রুটের বাসগুলোও যানজটের কবলে পড়ে।
বগুড়া হাইওয়ে আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে যানজট নিরসনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘হাটিকুমরুল মোড় ও পূর্বদিকের ইছামতি নদীর ওপর সেতুর পূর্বদিকে মেরামত কাজের জন্য সকাল থেকেই থেমে থেমে যানজট ও যানবাহনে ধীরগতি দেখা দেয়। ঈদের আগে মেরামত ও সংস্কার কাজ করায় আমরাও হিমশিম খাচ্ছি।’
নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে বলেন, ‘গত ঈদের আগে এসব স্থানে মেরামত কাজ করা হলেও যানবাহনের চাপে নষ্ট হওয়ায় কিছু কিছু জায়গায় ফের সংস্কার করা হচ্ছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে মেরামত কাজ শেষ হবে।’
প্রসঙ্গত, রমজানের ঈদের আগে সিরাজগঞ্জ জেলার ঢাকা-রাজশাহী ও বগুড়া নগরবাড়ি মহাসড়কের ১৮ কিলোমিটার অংশে সওজ দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে ২৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ করে। কিন্তু ছয় মাস না যেতেই হাটিকুমরুলসহ মহাসড়কের বেশ ক’টি স্থানে খানাখন্দ দেখা যায়।