ডেঙ্গু রোগী শনাক্তে চসিকের বিনামূল্যে রক্ত পরীক্ষা

চট্টগ্রাম সিটি করপোরেশনডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির পর ডেঙ্গু আক্রান্তদের শনাক্তে বিনামূল্যে রক্ত পরীক্ষা শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত ২৯ জুলাই নগরীর আলকরণ মোড়ে অবস্থিত করপোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এই কর্মসূচির আওতায় গত চারদিনে ৪৭৬ জন ডেঙ্গু পরীক্ষা করেছেন বলে জানিয়েছেন করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার। সর্বশেষ বৃহস্পতিবার (১ আগস্ট) ১৩৬ জনের রক্ত পরীক্ষা করা হয় বলে তিনি জানান। এর মধ্যে চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
ডা. সেলিম আকতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গু নিয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রচারণা চালানোর পর নগরবাসী অনেক সচেতন হয়েছেন। প্রতিদিন অনেক মানুষ রক্ত পরীক্ষা করার জন্য হাসপাতালে আসছেন। তাদের মধ্যে যাদের রক্ত পরীক্ষা করা দরকার শুধু তাদেরকেই রক্ত পরীক্ষা করা হচ্ছে।’
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান বলেন, গত ১৩ জুলাই ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে নগরীতে মশা নিধনে দীর্ঘমেয়াদি ওষুধ ছিটানোর ক্রাস প্রোগ্রাম চালু করে সিটি করপোরেশন।
এর আগে রাজধানী ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করলে প্রথমে সচেতনতামূলক কর্মসূচি শুরু করে চসিক। ডেঙ্গু প্রতিরোধে গত ১৩ জুলাই নগরীতে মশক নিধন কর্মসূচি শুরু করা হয়। পরে করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে নগরবাসীকে সচেতন করা হয়।