কথিত প্রেমিকের প্ররোচনায় কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ

নাটোরনাটোরের বাগাতিপাড়া উপজেলায় কথিত প্রেমিকের প্ররোচনায় এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। এ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ছাত্রীর নাম জাকিয়া সুলতানা সোনালি ওরফে সুমনা। তিনি পাকা ইউনিয়নের মালিগাছা সাজিপাড়া এলাকার সুমনের মেয়ে এবং স্থানীয় লোকমানপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

ওসি জানান, সুমনার সঙ্গে সুইট নামে এক ছেলের প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে সুমন মেয়েটিকে মোবাইল ফোনের মেসেঞ্জারে বিভিন্ন অশোভন উক্তি করতে থাকে। এরই ধারাবাহিকতায় মেয়েটি আত্মহত্যা করবে জানালে সুমন তাকে প্ররোচনা দেয়। একপর্যায়ে গত রাতে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও বলেন, ‘সুইটির সঙ্গে সুমনের মেসেঞ্জারের কথোপকথনের স্ক্রিনশট সংগ্রহ করা হয়েছে।’
বুধবার সকালে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

সুমনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।