‘সন্তান ও পরিবারকে ভালোবেসে হেলমেট ব্যবহার করুন’

লিফলেট বিতরণ করছেন পুলিশ সুপার‘আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালোবেসে হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালান। নিরাপদ ভ্রমণে নিজে সুস্থ থাকুন ও অপরকেও সুস্থ থাকতে সচেতন করুন।’ নীলফামারীতে মোরসাইকেল আরোহী ও যাত্রীদের সচেতনতা সৃষ্টিতে এমন আবেদন নিয়ে লিফলেট বিতরণ করেছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে শহরের চৌরঙ্গী মোড়, গাছবাড়িসহ বিভিন্ন মোড়ে এই লিফলেট বিতরণ করেন তিনি।

লিফলেট বিতরণকালে পুলিশ সুপার বলেন, ‘মোটরসাইকেল আরোহীদের সচেতনতা সৃষ্টিতে জেলার ছয় উপজেলায় একযোগে লিফলেট বিতরণ করা হচ্ছে। এরপর আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।’ তিনি মোটরসাইকেলের আরোহী ও যাত্রীদের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উদ নবী, ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম আহমেদ, আজাদ হোসেন খাঁন, ডিবি পুলিশের পরিদর্শক আফজালুল হক।

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টিতে জেলা পুলিশ ওই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানানো হয়।