নাটোর বিএনপির সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় নেতারানাটোরের আট পৌরসভা ও সাত উপজেলার বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এই ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তারেক রহমানের নির্দেশে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ সময় বলা হয়, আগামী দুই মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, ‘২০০৯-১০ সালে কমিটিগুলো গঠন করা হয়। মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা সম্পর্কিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গত ৪ জুলাই জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠিত হয়। এরই ধারাবাহিকতায় সব পৌর ও উপজেলা কমিটি বিলুপ্ত হলো।’

জেলা কমিটির আহ্বায়ক আমিনুল হক জানান, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে নতুন কমিটি গঠনের কোনও বিকল্প নেই। আগামী দুই মাসের মধ্যে সব ইউনিট কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে। এছাড়া, আগামী ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশকে সফল করার প্রস্তুতি বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

সভায় সব উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ও সদস্য শহিদুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।