খবর পেলেই ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশের সীমানার ভেতর যেখানেই অবৈধ ক্যাসিনোর খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে। দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সে অভিযান চলবে। দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন।’

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আখাউড়ায় রক্তদানের সংগঠন ‘আত্মীয়’ এর রক্তদাতা নিবন্ধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “তাদের (বিএনপি) চেয়ারম্যান এতিমের টাকা চোর। আদালতে সাব্যস্ত হয়ে জেল হয়েছে। মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত। তিনি মুচলেকা দিয়ে বলেছেন, ‘আমি অপরাধী। আমাকে মাফ করে দেন। বিদেশ পাঠিয়ে দেন’। সেই দলের নেতারা এখন পর্যন্ত দুর্নীতিবাজ চেয়ারম্যান, কো-চেয়ারম্যানকে বদলাতে পারেনি। তাদের মুখে ক্যাসিনো নিয়ে কথা মানায় না।’

মন্ত্রী রক্তদানের সংগঠন ‘আত্মীয়’ এর রক্তদাতা নিবন্ধনের ওয়েব সাইট উদ্বোধন করেন। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাহমিনা আক্তার রেইনা, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আত্মীয় এর সমন্বয়ক সমীর চক্রবর্তী।