শিমুলিয়া ঘাটে যানবাহনের লাইন (ফাইল ছবি)শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্য সংকটে বড় ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকালে চলাচল বন্ধ থাকলেও দুপুর থেকে পরীক্ষামূলকভাবে কয়েকটি ফেরি চলছে। গত কয়েকদিন যাবৎ এই নৌরুটে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। বর্তমানে শিমুলিয়া ৩৫০টি গাড়ি পারের অপেক্ষায় আছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী এ তথ্য জানান।
নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘ভোর ৫টা থেকে নাব্য সংকটের কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এরপর বেলা সাড়ে ১২টার দিকে দুটি মাঝারি ও তিনটি কে-টাইপের ফেরি পরীক্ষামূলকভাবে চলাচল করছে। তবে এসব ফেরি তুলনামূলক কম লোড নিয়ে চলছে। লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট, এ কারণে রো রো ফেরি (বড় ফেরি) ও ডাম্প ফেরি বন্ধ আছে।’