নাটোর হয়ে উত্তরাঞ্চলের বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশ বিভিন্ন যানবাহন তল্লাশি করছে। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরও দেখা গেছে।
শহরের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে দেখা যায়, রাস্তায় কোনও বাস চলাচল না করলেও বিভিন্ন মাইক্রোবাস, সিএনজিসহ দূরপাল্লার গাড়িও তল্লাশি করছে পুলিশ।
জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক ও সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান, রাজশাহীর সম্মেলনে নেতাকর্মীরা যাতে যেতে না পারেন সেজন্য পরিকল্পিতভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একই কারণে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে পুলিশ।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর জানান, সিরাজগঞ্জের সঙ্গে রাজশাহী অঞ্চলের শ্রমিক সম্পর্কিত একটি সমস্যা সৃষ্টি হয়েছে। যে কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, নিয়মিত ডিউটির অংশ হিসেবেই পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সড়কের শৃঙ্খলা স্বাভাবিক থাকে।