মানিকগঞ্জে বিএনপির নবগঠিত কমিটির ১৬১ সদস্যের পদত্যাগ

মানিকগঞ্জের একটি হোটেলে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হচ্ছেমানিকগঞ্জ জেলা বিএনপিতে ‘পকেট কমিটি’ ইস্যুতে সাতটি উপজেলা ও দুটি পৌরসভাসহ ৯টি আহ্বায়ক কমিটির ২৯৭ জন সদস্যের ১৬১ জনই পদত্যাগ করেছেন। বুধবার (২ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটির এই বিপুল সংখ্যক সদস্যের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

পদত্যাগ করা সদস্যদের মধ্যে শিবালয় উপজেলায় ২৭ জন, দৌলতপুরে ২৪ জন, ঘিওরে ১৮ জন, সাটুরিয়ায় ২০ জন, সদরে ২০ জন, মানিকগঞ্জ পৌরসভায় ২২ জন, সিংগাইরে ১৮ জন ও হরিরামপুরে ১৮ জন রয়েছেন।

পদত্যাগী নেতাদের অভিযোগ, ঢাকায় বসে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জামিলুর রশিদ খান, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব এসএ জিন্নাহ কবির স্বাক্ষরিত ও অনুমোদিত উপজেলা এবং পৌরসভা কমিটিগুলোতে নিবেদিতপ্রাণ নেতাদের মূল্যায়ন করা হয়নি। কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত, জেল-জুলুম খাটা ও মামলার শিকার নেতাকর্মীদের বঞ্চিত করে অরাজনৈতিক নেতাদের দিয়ে অসাংগঠনিকভাবে তাদের পকেট কমিটি গঠন করেছেন।

পদত্যাগী নেতাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে তথাকথিত পকেট কমিটি বাতিল করে সর্বসম্মতিক্রমে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করতে হবে। এই কমিটি বাতিল না করলে বিএনপি আগামীতে নেতৃত্বশূন্য হয়ে পড়বে। এমনকি খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও আগামীর লড়াই সংগ্রামও করা সম্ভব হবে না।

জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট মোকসেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– অ্যাডভোকেট আজাদ হোসেন খান, তোজাম্মেল হক তোজা, আব্দুল বাতেন, নাসির উদ্দিন আহম্মেদ যাদু, ইকবাল হোসেন খান,সত্যেন কান্ত পন্ডিত ভজন, আব্দুল কুদ্দুস খান মজলিশ, গোলাম মোস্তফা, রহমত আলী লাভলু প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর মানিকগঞ্জের সাতটি উপজেলা ও দুটি পৌরসভার প্রতিটিতে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কিন্তু জেলা বিএনপির বড় একটি অংশ ২৯৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ করে আসছেন।