গাজীপুরে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানগাজীপুরে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মঙ্গলবার দেড় হাজারের বেশি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় এক কেমিক্যাল কারখানার ম্যানেজারসহ তিনজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পাইপ, চুলা, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, বিভিন্ন এলাকার অসাধু লোকজন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করছে। অবৈধ সংযোগের গোপন তথ্য পেয়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ, কুনিয়া ও গাজীপুর এলাকার ছয়টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় তারগাছ কুনিয়া এলাকার চান্দরা রোডের মেসার্স জয় কেমিক্যাল কারখানায় অবৈধভাবে সিএনজি সিলিন্ডারের মাধ্যমে গ্যাস ব্যবহারের অপরাধে কারখানার ম্যানেজার মোহা. বদিউল ইসলামকে এক লাখ টাকা জরিমানা ও ভ্যান গাড়িসহ চারটি সিএনজি সিলিন্ডার জব্দ করে আদালত।
এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের টেক নগরপাড়া এলাকায় অপর একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আ. রাজ্জাক নামে এক ব্যক্তিকে দুই লাখ এবং ইকবাল আহম্মেদ নামে আরেক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।