হুমায়ুন কবীর জানান, ‘স্প্যানটি বসাতে আমাদের তেমন কোনও জটিলতার মুখোমুখি হতে হয়নি। কোনও সমস্যা ছাড়াই দুপুর সোয়া ২টার দিকে স্প্যানটি বসানো হয়েছে।’
তিন হাজার ১৪০ টন ওজনের ১৭তম স্প্যান বসানোর পর সেতুর দুই হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হলো। এর আগে গত মঙ্গলবারই (১৯ নভেম্বর) ১৬-১৭ নম্বর পিলারে সেতুর ১৬তম স্প্যান বসানো হয়েছিল। মাত্র এক সপ্তাহ পরেই ১৭তম স্প্যান বসানো হলো।
এদিকে, ১৭তম স্প্যান বসানোর সপ্তাহখানেক পরে সেতুর পরবর্তী স্প্যান বসানো হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। কারণ স্প্যান প্রস্তুত আছে। আগামী ৪/৫ ডিসেম্বর পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসানোর কথা জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদের। তিনি জানান, ‘সেতুর চ্যালেঞ্জিং কাজ সব শেষ। আমাদের যথেষ্ট স্প্যান প্রস্তুত আছে। কিন্তু নাব্য সংকটের কারণে পিলারের ওপর স্প্যান বসানো যাচ্ছিল না। এখন ড্রেজিং করে নাব্য সংকট দূর করা হয়েছে। কাজেই সপ্তাহখানেক পরপর স্প্যান বসানো হবে।’
তিনি আরও জানান, ‘চীন থেকে আরও দুটি স্প্যানের সরঞ্জাম বাংলাদেশে এসেছে। এই দুইটি নিয়ে দেশে মোট ৩৩টি স্প্যান আছে। এরমধ্যে ১৭টি বসানো হলো।’ সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজও শিডিউল অনুযায়ী চলছে বলে জানান এই প্রকৌশলী।
সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৩টির কাজ সম্পন্ন হয়েছে। বাকি পিলারের শুধু ক্যাপিং করার কাজ করতে হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মূল সেতু নির্মাণের কাজ করছে।
আরও পড়ুন- পদ্মা সেতুতে বসলো ১৬তম স্প্যান, ২৪০০ মিটার দৃশ্যমান