সাগরে গিয়ে নিখোঁজ কিশোর

মা-বাবা ও বোনের সঙ্গে নিখোঁজ কিশোর দেলোয়ার হোসেন

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে শেখ রেজওয়ান আহম্মেদ (১৩) নামে এক কিশোর ভেসে গেছে। এখনও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজারে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ সৈকতে গোসল করার সময় সে ভেসে যায়। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান এ কথা জানান।

ভেসে যাওয়া রেজওয়ান খুলনার সোনাডাঙ্গার শেখ সাব্বির আহম্মেদের ছেলে। সে অস্টম শ্রেণির ছাত্র। 

রামু হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইন্সপেক্টর আতিক উল্লাহ জানান, পেঁচারদ্বীপে বাতিঘর নামে একটি রিসোর্টের মালিক ঢাকার ব্যবসায়ী আবু সাদাত মোহাম্মদ লাভলু। সাগরে ভেসে যাওয়া কিশোর তার ভাগ্নে। আত্মীয়-স্বজনের সঙ্গে রেজওয়ানও কক্সবাজারের ওই রিসোর্টে যায়। বুধবার সকাল ১০টার দিকে সবার সঙ্গে সাগরে গোসল করতে নামার একটু পরেই ভাটার টানে সে ভেসে যায়। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজির করেও তাকে পাওয়া যায়নি।’

পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানান, ‘রিসোর্টটি কক্সবাজার শহর থেকে অনেক দূরে। ওই সৈকতে তাৎক্ষণিক উদ্ধার অভিযানের কোনও ব্যবস্থা নেই। খবর পাওয়ার পর থেকে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস ওই এলাকায় গিয়ে উদ্ধারের জন্য কাজ করছে।