কালিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

নড়াইলনড়াইলের কালিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আসলাম গাজী (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ কমপক্ষে ১০ জন। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষের পর আহত অবস্থায় আসলামকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান। আসলাম ওই গ্রামের ইদ্রিস গাজীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে,  উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামে কাদের মোল্লা ও ইদ্রিস গাজীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে বুধবার সকালে ওই গ্রামের খালে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

লাশের ময়নাতদন্ত হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। আহতরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।