মোদির আসাকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আসার কথা রয়েছে। এটিকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হলে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (৮ মার্চ) নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদক কারবারিদের আত্মসমপর্ণ এবং নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু দেশ। সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদি। তিনি ছাড়াও আমাদের অন্যান্য বন্ধু দেশের সরকারপ্রধানরাও উপস্থিত থাকবেন। বিদেশি অতিথিদের উপস্থিতিতে কোনও গোষ্ঠী যদি দেশে অহেতুক ঝামেলা সৃষ্টি করতে চায়, তাদের রুখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, র‌্যাব-৫ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া প্রমুখ।