রবিবার সকালে সড়কের পাশেই সন্তান প্রসব করেন ওই নারী। শিশু ও তার মাকে সেফহোমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩০ ব্যক্তি ওই নবজাতককে দত্তক নেওয়ার জন্য ওসির সঙ্গে যোগাযোগও করেছেন।
তবে মানসিক ভারসাম্যহীন সেই নারী তার সন্তানকে কোনোভাবেই হাত থেকে ছাড়ছেন না। ওই নারী উজিরপুর উপজেলার সোনার বাংলা বাজার ও বরিশাল-ঢাকা মহাসড়কের আশপাশ এলাকার দোকানঘরের সামনে থাকতেন বলে জানা গেছে।
স্থানীয় মেম্বার আশরাফ রাঢ়ী জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যেতো। খুব ভোরে সড়কের পাশে সন্তান প্রসব করার পর বিষয়টি তিনি জানতে পারেন। পরে তিনি নবজাতকসহ সেই নারীকে সড়কেই দেখতে পান। তিনি জানান, মা ও ছেলে ভালো আছে। তবে গ্রামের বেশ কয়েকজন নারী শিশুটিকে নেওয়ার চেষ্টা করছিল বিধায় থানায় খবর দেওয়া হয়।
এ ব্যাপারে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়ে মা ও নবজাতককে সুস্থ দেখতে পাই। মা-সন্তানকে সেফহোমে পাঠানোর জন্য উপজেলা সমাজসেবার সঙ্গে যোগাযোগ করেছি। যত দ্রুত সম্ভব তাদের সেফহোমে পাঠানো হবে।’
তিনি আরও জানান, ওই নবজাতককে লালন-পালনের জন্য আমার সঙ্গে ৩০ জন মোবাইল ফোনে যোগাযোগ করেছেন। তবে আমি তাদের সমাজসেবার সঙ্গে যোগাযোগ করতে বলেছি।