মুন্সীগঞ্জে আটক ৯০ শ্রমিককে ত্রাণ দিয়ে কেরানীগঞ্জে ফেরত

মুন্সীগঞ্জে আটক ৭০ ইটভাটা শ্রমিক ও তাদের পরিবারকে ত্রাণ দিয়ে কেরানীগঞ্জে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

রাতের আঁধারে ট্রলারযোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে পটুয়াখালী যাওয়ার পথে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ ধলেশ্বরী নদীতে ৯০ জন ইটভাটার শ্রমিককে সোমবার দিবাগত গভীর রাত দেড়টার দিকে আটক করে নৌ-পুলিশ। এরপর তাদের খাবার ও ত্রাণ দিয়ে মঙ্গলবার আবারও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফেরত পাঠানো হয়েছে।

 শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলশ্বরী নদীতে ট্রলার বোঝাই ওই শ্রমিকদের সোমবার দিবাগত গভীর রাত দেড়টার দিকে আটক করা হয়।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ কবীর হাসান খান জানান, দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা এলাকার বিভিন্ন ইটভাটার প্রায় ৯০ জন শ্রমিক ট্রলারযোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। এদের মধ্যে ৩০ জন নারী, ৪৮ জন পুরুষ ও ১২ জন শিশু রয়েছে। সোমবার রাত দেড়টার দিকে ট্রলারটি মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলশ্বরী নদীতে এলে নৌ-পুলিশের একটি টিম তাদের আটক করে।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাদেরকে নৌপুলিশের পক্ষ থেকে সকালের ও দুপুরের খাবার দেওয়া হয়। এছাড়াও শ্রমিকদেরকে ত্রাণ সামগ্রী হিসেবে ৫ বস্তা চাউল, ১০ বস্তা আলু, ১ বস্তা ডাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করে পুনরায় পুলিশ পাহারায় দক্ষিণ কেরানীগঞ্জের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা গন্তব্যে পৌঁছেছে বলে খবর পেয়েছি।