পরিচয় গোপন করে খাদ্যসামগ্রী পৌঁচ্ছে দিচ্ছে ‘কিছু করতে চাই’

93323711_709466586455529_8133628831157190656_n

করোনার দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের পক্ষ থেকেদেশজুড়ে অনেকরকম সহায়তা প্রদান করা হচ্ছে। ফেসবুক বা মূলধারার গণমাধ্যমে এসব ছবিও প্রকাশ হচ্ছে। তবে ব্যতিক্রম একটি প্রচেষ্টার নাম ‘কিছু করতে চাই’। নিজেদের পরিচয় গোপন রেখে ফেসবুক গ্রুপের মাধ্যমে ‘কিছু করতে চাই’ নামে আইডি খুলে মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁচ্ছে দিচ্ছেন কয়েকজন ব্যক্তি।

এর উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রাজশাহীর বিত্তশীল পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সন্তান বাংলা ট্রিবিউনকে জানালেন নিজেদের অনুভূতির কথা। তিনি জানান, করোনাভাইরাসের কারণে সবকিছুই বন্ধ। স্থবির অবস্থার মধ্যে ‘কিছু করতে চাই’ ফেসবুক আইডির মাধ্যমে রাজশাহীতে সাত হাজার পরিবারকে ইতোমধ্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, 'এই সংকটময় মুহূর্তে চাকরি চলে গেছে কিংবা ভাড়াটিয়ার ভাড়া না পেয়ে সংসার টানতে হিমসিম খাচ্ছেন কিংবা নিজের ঘরে খাবার নেই, এমন ব্যক্তিদের খোঁজ করে খাবারের প্যাকেট ঘরে পৌঁচ্ছে দেওয়া হচ্ছে। কারণ আমরা কাউকে ছোট করে দেখতে চাই না। সমাজে আমরা সবাই সমান।'

এই উদ্যোগের ব্যাপারে তিনি আরও বলেন, ‌'প্রথমে আমরা দুজন মিলে এই উদ্যোগ নেই। এখন এই গ্রুপের সদস্য রাজশাহীবাসী সবাই। তাই খাদ্যসামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে দাতা ও গ্রহীতাও সবাই। তবে দাতা ও গ্রহীতার নাম-পরিচয় গোপন করা হচ্ছে। শুধু প্যাকেটের পরিচয় দেওয়া হচ্ছে। কারণ আমাদের মাধ্যমে যে ব্যক্তি অর্থ কিংবা পণ্য দিয়ে সহযোগিতা করছেন, তারা যেন অবগত হন যে তাদের দেওয়া অর্থের বিনিময়ে খাবার পৌঁচ্ছে যাচ্ছে। শুধু তাই নয়, পরবর্তীতে জটিলতা এড়াতে ও নিজেদের স্বচ্ছতা রাখার জন্য আমরা সব হিসাব-নিকাশ করে রাখছি। যদি কোনোদিন অভিযোগ ওঠে, তাহলে আমরা জবাবদিহি করতে সক্ষম হবো।'

‘কিছু করতে চাই’ গ্রুপের দুই অ্যাডমিন পেশায় ব্যবসায়ী। তারা জানান, প্রথমদিকে গ্রুপ খুলে নিজেরা কার্যক্রম শুরু করেন। পরে গ্রুপে থাকা তাদের বন্ধুরাও এগিয়ে আসেন। এখন গ্রুপের আরও অনেকেই সহযোগিতা করছেন। গ্রুপে কেউ নিজের সমস্যার কথা জানিয়ে মেসেজ দিলেই তার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী।