স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসক-সাংবাদিকদের পিপিই প্রদান

পিপিই পরা এক ব্যক্তি (ছবি: সংগৃহীত)পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য সুরক্ষায় জামালপুরে চিকিৎসকদের এবং মৌলভীবাজারে সাংবাদিকদের পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এসব পিপিই প্রদান করা হয়। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানানো হলো: 

জামালপুর

করোনার প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় জামালপুরের ইসলামপুরে চিকিৎসকদের পিপিই দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএ তাহের এর হাতে এই পিপিই তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম উপস্থিত ছিলেন।

পিপি দেওয়ার সময় সংসদ সদস্য বলেন, ‌'দেশের এই ক্লান্তিকালে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলার জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

মৌলভীবাজার

খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের ঘরের বাইরে বের হতেই হয়। করোনার এই সময়ে বাইরে দায়িত্ব পালন সাংবাদিকদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে মৌলভীবাজারের কমলগঞ্জের সাংবাদিকদের পাশে পিপিই নিয়ে এগিয়ে এসেছেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতাদের হাতে ২৫টি পিপিই তুলে দেন তিনি।

পিপিইগুলো গ্রহণ করেন কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতি সিনিয়র সদস্য মুজিবুর রহমান রঞ্জু এবং মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আনোয়ার হোসেন, রাসেল মতলিব তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম ওয়াহিদ রুলু, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক মোনায়েম খান প্রমুখ।