হঠাৎ করে পাড়া-মহল্লায় মাথা ন্যাড়া করার হিড়িক পড়েছে নীলফামারীতে। করোনায় লকডাউনে দোকান বন্ধ থাকায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।
নীলফামারী জেলা শহরের নিউবাবুপাড়ার অহিদুল ইসলাম জানায়, মাথায় খুশকির কারণে ন্যাড়া করেছি। তাছাড়া সেলুনের দোকানের অস্ত্রপাতি নিরাপদ নয়। করোনাভাইরাস কোথায় আছে তা তো চোখে দেখা যায়। এজন্য নিরাপদ থাকাই ভালো।
আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিনে মানুষের মাথা ন্যাড়া করার দৃশ্য চোখে পড়ার মতো।
জেলা সদরের টুপামারি ইউনিয়নের সুখধন গ্রামের ডা. রেজাউল করিম রঞ্জু ও মনোয়ার হোসেন মনাই জানান, সেলুনের দোকানে চুল কাটা নিরাপদ নয়। তারা অনেক লোকের চুল দাঁড়ি কাটে, তাই করোনা ভাইরাস থাকতে পারে সন্দেহে বাসায় বসে মাথা নেড়ে করা হয়েছে।
এদিকে, উপজেলার টুপামারী, রামনগর, কচুকাটা, পঞ্চপুকুর, সোনারায়, ইটাখোলা, খোকশাবাড়ী, সংগলশীসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে একই চিত্র দেখা যায়। এছাড়াও বাহালী পাড়া গ্রামের ১০ বন্ধু একসঙ্গে মাথা নেড়ে করেছে।
উপজেলার রামনগর ইউনিয়নের বাহালী পাড়া কাছাড়ি বাজারের সেলুনের মালিক যতিন চন্দ্র রায় জানান, করোনার কারণে হাট-বাজারে লোকজন আসা বন্ধ হয়েছে। দোকানের কাজ বন্ধ থাকায় ছেলে-মেয়ে নিয়ে বড় বিপদে পড়েছি। স্থানীয় প্রশাসনের কাছে ত্রাণের আবেদন জানিয়েছেন ওই দোকানদার।