জানাজায় ভিড় ঠেকাতে পাঁচ জনের বেশি মানুষের সমাবেশ নিষেধ

বরিশাল মহানগর পুলিশকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরিশাল মহানগরীতে লকডাউন চলছে। তবে এর মধ্যেই মহানগরী এলাকার কোথাও যাতে জানাজার নামাজের কথা বলে লোকসমাগম ঘটতে না পারে এবং আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য পাঁচ জনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান এ আদেশ জারি করেন। 

আদেশে উল্লেখ করা হয় নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সাবেক মেয়র শওকত হোসেন হিরনের বাসার আশপাশের এলাকা, মুসলিম গোরস্থান ও আশপাশ এলাকা এবং তার আশপাশ ৫০০ গজ পরিধির মধ্যে যে কোনও ধরনের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার বা পাঁচ জন বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।

কাউন্সিলর মেহেদী হাসান আবির জানান, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের বড় ভাই মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ (৬৭) সোমবার রাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লকডাউনের নির্দেশ উপেক্ষা করে তার নামাজে জানাজায় জনসমাগম হতে পারে এ আশঙ্কায় মঙ্গলবার সংশ্লিষ্ট সব এলাকার ৫০০ গজের মধ্যে পাঁচ জন বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ।’ 

তিনি আরও জানান, মঙ্গলবার আছরের পরে নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে সাবেক মেয়র হিরনের বাস ভবনের সামনের সড়কে তার ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পাঁচ জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজায় শুধু পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মুসলিম গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।