কৃষকের ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা

93790731_506493090231122_7852960711297728512_n

যশোরের চাঁচড়া ইউনিয়নের হরিণার বিলে চাষ করা বোরো ধান কাটার মাধ্যমে কৃষকদের শ্রমিক সংকট নিরসনে কাজ করছেন স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটের বিষয়টি মাথায় রেখে নেতাকর্মীরা এই উদ্যোগ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে সংগঠনের ৩০ নেতাকর্মী স্থানীয় বর্গাচাষি আলতাফ হোসেনের ১৬ বিঘা জমির ধান কাটা শুরু করেন। কাটা শেষ হলে সেগুলো চাষির ঘরে পৌঁছে দেবেন তারা।

কৃষক আলতাফ হোসেন বলেন, 'আমার জমির ধান পেকে গেছে। আকাশের অবস্থাও খারাপ। কয়েকদিন ধরে চিন্তায় ছিলাম। কিন্তু এই ছেলেরা আমার সঙ্গে যোগাযোগ করে ধান কেটে দিচ্ছে।'

ধান কেটে আঁটি বাঁধছিলেন সংগঠনের কর্মী আশরাফুল আলম (৪২)। তিনি বলেন, 'আগে কোনোদিন ধান কাটিনি। ধান কাটার কাজ খুব কষ্টের। তারপরও কৃষকের দুর্ভোগ লাঘবে পাশে থাকতে পেরে অন্যরকম অনুভূতি হচ্ছে।'

ধান কাটায় অংশ নেওয়া সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহজাদা নেওয়াজ বলেন, 'শ্রমিক সংকটে পড়া এই মাঠের আরও সাত জন কৃষকের সঙ্গে কথা হয়েছে। তাদের ধানও আমরা কেটে ঘরে তুলে দেবো। প্রয়োজনে এই কাজে নেতাকর্মীদের সংখ্যা আরও বাড়ানো হবে।'

স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার আহ্বায়ক এসএম মাহমুদুল হাসান সুমন বলেন, 'জননেত্রী শেখ হাসিনা এবং জেলা নেতাদের নির্দেশে দেশের এই দুঃসময়ে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। সেই লক্ষ্যে যেসব কৃষক ধান কাটার জন্যে শ্রমিক সংকটে ভুগছেন, তাদের ধান আমরা বিনা খরচে কেটে দেবো।'