হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে ধরলো পুলিশ

ambulance-corona

 

ঢাকা থেকে আসা করোনা আক্রান্ত ইব্রাহিম নামের এক যুবক চাঁদপুর সদর হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বিষয়টি জানার পর পুলিশ তাকে জেলার ফরিদগঞ্জ থেকে ধরে আবার চাঁদপুর সদর হাসপাতালে আনে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকায় ইব্রাহিম (৩৫) নামে ওই ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত জেনে তিনি রবিবার (২৬ এপ্রিল) চাঁদপুরের ফরিদগঞ্জের বাড়িতে আসেন। স্থানীয় লোকজন তাকে বাড়িতে থাকতে না দেওয়ায় বিকালে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। পরে কর্মরত চিকিৎসক তার রিপোর্ট দেখে আইসোলেশনে ভর্তি করেন। কর্তব্যরত ব্রাদার রোগী রিসিভ করার জন্য পিপিই পড়তে গেলে সেই সুযোগে তিনি পালিয়ে যান। পরে তার মোবাইল ট্রেকিং করে তাকে ফরিদগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড চরহোগলা গ্রাম থেকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, ওই ব্যক্তির রিপোর্ট দেখে তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। এরপর হাসপাতাল থেকেই তিনি পালিয়ে যান। পরে থানা পুলিশকে জানানো হয়।

মডেল থানার ওসি (তদন্ত) হারুন জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মোবাইল ট্রেকিং করে রাতে তাকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। রোগী এখন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই আছেন।