করোনা আক্রান্ত পরিবারের কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগ

ধান কাটছেন যুবলীগের নেতাকর্মীরাব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা আক্রান্ত একটি পরিবারের কৃষকের ধান কেটে দিয়েছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার আমোদাবাদ গ্রামের পশ্চিম বিল থেকে ওই কৃষকের ৪০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল ও পৌর যুবলীগের সভাপতি মো. মনির খানের নেতৃত্বে যুবলীগের ২৪ নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল বলেন, ‘ওই পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরেকজন আইসোলেশনে চিকিৎসাধীন। দুশ্চিন্তাগ্রস্ত পরিবারটি ধান কাটতে পারছিল না। বিষয়টি জেনে আমরা ধান কেটে দিই।’

তিনি আরও বলেন, ‘আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজলকে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক নির্দেশ দিয়েছেন যুবলীগ নেতাকর্মীরা যেন ধান কাটতে কৃষকদের সহযোগিতা করেন। এরই অংশ হিসেবে আমরা কৃষকের পাশে আছি।’