সাতক্ষীরার আশাশুনিতে পটকা মাছ খেয়ে এক পরিবারের পাঁচ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলাম (৫৫) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. আজহারুল ইসলাম বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তিনি স্থানীয় বড়দল বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজহারুল ইসলাম সোমবার সকালে স্থানীয় বাজার থেকে পটকা মাছ কিনে বাড়ি পাঠান। দুপুরে পরিবারের সদস্যরা ওই মাছের তরকারি দিয়ে খাবার খান। এর কিছুক্ষণ পরেই তারা বিষক্রিয়ায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলামের মৃত্যু হয়।
অসুস্থরা হলেন- আজহারুল ইসলামের স্ত্রী ময়না বেগম, মেয়ে সোনালী, ছেলে রমিম এবং মা রাশিদা বেগম। বর্তমানে নিহতের স্ত্রী, মা, ছেলে ও মেয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলাদার বলেন, ‘পটকা মাছে মারাত্মক বিষাক্ত পদার্থ থাকে। যা খেলে প্রাণহানি হয়। এ কারণে এ ধরনের মাছ খাওয়া থেকে বিরত থাকতে সবসময় সচেতন করা হয়। তবে অনেকে এই সম্পর্কে এখনও অবগত নন। এজন্য কেউ কেউ এই মাছ খেয়ে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। এই মাছ খাওয়া কোনোভাবেই উচিত নয়।’
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি আমরা।’









