পঞ্চগড় জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রাহাত আলী (২০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রাহাতের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের বৈরাগীপাড়া এলাকায়। তিনি ওই এলাকার ভুট্টো মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ঠাকুররগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পঞ্চগড় জেলার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার এলাকায় বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ করছিলেন রাহাতসহ কয়েকজন সহকর্মী। খুঁটিতে উঠে লাইন মেরামতের কাজ করার এক পর্যায়ে তার হাত বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে যায়। এসময় তিনি বিদ্যুতের তারে ঝুলে থাকেন। পরে সহকর্মীরা বিদ্যুতের লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. নুসরাত জাহান লোপা তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।