প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

 

আশিক রানাফরিদপুরের আলফাডাঙ্গায় আশিক রানা (১৬) নামে এক কিশোরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোররাতে বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের শরীফ হারুন অর রশীদের পাকা ভবনের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আশিক রানা একই গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেন শেখের ছেলে। আশিক ফরিদপুর মুসলিম মিশনের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, হারুনের মেয়ের সঙ্গে আশিকের প্রেমের সম্পর্ক ছিল। এলাকাবাসীর ধারণা, প্রেমঘটিত বিষয় নিয়ে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।

তবে মৃত আশিকের চাচা জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, আমার ভাতিজাকে কৌশলে ডেকে নিয়ে শরীফ হারুন অর রশীদের লোকজন হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, মৃতের সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কিশোরীর চাচাসহ পাঁচ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।