খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫০৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার (২৬ আগস্ট) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বেলা ১২টায় এই বাজেট ঘোষণা করেন। বাজেটে উন্নয়ন, স্বাস্থ্য ও আইটিতে গুরুত্বারোপ করা হয়েছে।
বাজেট সভায় সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম। নতুন অর্থ-বছরে বাজেটের আকার কমছে। ২০১৯-২০ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকা। সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৫১ লাখ ৫৭ হাজার টাকা। বাজেটে অর্জনের হার ৬৭.৩৫ শতাংশ। এবারের বাজেট হচ্ছে ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা। এই বাজেটের বড় খাত রাজস্ব তহবিল ধরা হয়েছে ১৬৬ কোটি টাকা ও বিশেষ তহবিল ধরা হয়েছে ৮৭কোটি ৭ লাখ টাকা। এবারের বাজেটে সাড়ে তিনশ কোটি টাকা কম ধরা হয়েছে।
সিটি মেয়র বলেন, 'করোনা মহামারির কারণে কয়েক মাস ধরে উন্নয়নমূলক কর্মকাণ্ড বিঘ্নিত হয়েছে। আবারও আমরা উন্নয়নমূলক কাজ শুরু করেছি। প্রতিকূলতার পরও ২০১৯-২০ অর্থবছরে বাজেটের শতকরা ৬৭ দশমিক ৩৫ ভাগ অর্জিত হয়েছে।' চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটেও সফলতা অর্জিত হবে বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন।
প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ১৬৬ কোটি ৯৫ লাখ টাকা। উন্নয়ন তহবিল থেকে ৩৩৭ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে রয়েছে সরকারি অনুদান (২য় অংশ) থেকে ২৫০ কোটি ২৮ লাখ টাকা ও বিশেষ প্রকল্প (৩য় অংশ) থেকে ৮৭ কোটি ৭ কোটি টাকা।
বাজেটে রাজস্ব তহবিল থেকে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৬৬ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সংস্থাপন ব্যয় ১০১ কোটি ৩৯ লাখ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৬৪ লাখ টাকা ও মূলধন ব্যয় ৫০ লাখ টাকা। সমাপনী স্থিতি থেকে ১৩ কোটি ৪১ লাখ টাকা টাকা ব্যয় ধরা হয়েছে।
বাজেটে উন্নয়ন তহবিল থেকে সরকারি অনুদান (২য় অংশ) এর আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সরকারি অনুদান ৪৫ কোটি ২৮ লাখ টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বিশেষ থেকে ২৫ কোটি ও জাতীয় এডিপিভুক্ত/প্রস্তাবিত সরকারি অনুদান ১৮০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।