আশুগঞ্জ-সিরাজগঞ্জ গ্রিডলাইনে ত্রুটি, ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ




তাপ বিদ্যুৎ কেন্দ্রদুই ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সিরাজগঞ্জ ১৩২ কেভি জাতীয় গ্রিডলাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের একাধিক সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ১৩২ কেভি জাতীয় গ্রিডলাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এতে করে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান বলেন,সকালে হঠাৎ করেই আশুগঞ্জ-সিরাজগঞ্জ গ্রিডলাইনে ত্রুটির কারণে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এসময় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পরে প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে বন্ধ হওয়া ইউনিটটি চালু করেন। জাতীয় গ্রিডলাইনের কোথায় ত্রুটি হয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।