পরিবেশের ভারসাম্যের জন্য টিকিয়ে রাখতে হবে পুকুর: পরিবেশমন্ত্রী

জলবায়ু ট্রাস্ট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মোনাজাতে অংশ নেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় ড্রেন, রাস্তা, পুকুরসহ বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও সংস্কার করছে । মন্ত্রী বলেন,  ড্রেন নির্মাণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত কারণে স্বল্প সময়ে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশন সহজ হবে। শহরের ভেতর অবস্থিত পুকুর সংস্কার করে জলবায়ু পরিবর্তনজনিত উষ্ণ তাপমাত্রার প্রভাব কিছুটা হ্রাস করা সম্ভব হবে। এসব পুকুরের পানি পান ছাড়া অন্যান্য দৈনন্দিন কাজেও ব্যবহার করা যাবে। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশের পুকুরসমূহ রক্ষা করতে হবে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক রাস্তা, পুকুর উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এসব কথা বলেন। মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৌলভীবাজার-৩ (সদর) আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার পৌরসভা সূত্রে জানা যায়, বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রায় ৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে পৌরসভা ও সৈয়ারপুরে দুটি পুকুর উন্নয়নের অংশ হিসেবে ৫৮৫ মিটার রিটেইনিং ওয়াল নির্মাণ, পৌরসভার ভিতরে ১০৭ টি লাইট স্থাপন, পৌর এলাকার ২ হাজার ৩১০ মিটার রাস্তা সংস্কার, ৩২৮ মিটার রাস্তার পাশের আরসিসি ড্রেন, ড্রেনের ওপর স্থাপনের জন্য ২৬০ মিটার স্লাব নির্মাণ করা হচ্ছে।