সাংবাদিক গোলাম সরওয়ারকে অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভিরকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টায় সিইউজে নেতৃবৃন্দ পুলিশ কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেন।
এ সময় পুলিশ কমিশনার গোলাম সরওয়ারকে অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের দুইটি টিম বিশেষভাবে কাজ করছে বলে সাংবাদিকদের জানান। সালেহ মোহাম্মদ তানভির বলেন, সাংবাদিক গোলাম সরওয়ার অপহরণের ঘটনায় এরইমধ্যে ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করছে। আশা করছি, দ্রুত অপহরণের রহস্য উদঘাটিত করে শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা যাবে।
এর আগে সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম তাদের বক্তব্য তুলে ধরেন।
সিইউজে সভাপতি মোহাম্মদ আলী বলেন, অপহরণ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর গোলাম সরওয়ারের কাছ থেকে অপহরণের বিষয়ে যেসব বক্তব্য পাওয়া গেছে তা পেশাদার সাংবাদিকদের জন্য আতঙ্কের বিষয়। কিন্তু ঘটনার ছয় দিন অতিবাহিত হলে অপহরণকারীদের শনাক্ত করা ও গ্রেফতারের বিষয়ে দৃশ্যমান কোনও অগ্রগতি নেই, যা খুবই দুঃখজনক।
সংগঠনের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, সাংবাদিক গোলাম সরওয়ারের অপহরণের সঙ্গে জড়িতরা পার পেয়ে গেলে দেশের স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। অপহরণের ঘটনার পর সাংবাদিক সমাজ যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে অপহরণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে তা দূর করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, প্রতিনিধি ইউনিটের প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, দৈনিক আজকের সূর্যোদয় পত্রিকার ব্যুরো প্রধান জোবায়ের সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।